Showing posts with label PLS HONS. Show all posts
Showing posts with label PLS HONS. Show all posts

Saturday, April 25, 2020

6th sem honours Ways of Relisation

জ্ঞানযোগ

   জ্ঞানের পথ বলতে বিবেকানন্দ বুঝেছেন অজ্ঞানজনিত 'বন্ধন' এর উপলব্ধি। তার মতে অজ্ঞাতা হলো বস্তুর যথার্থ প্রকৃতি সম্পর্কে জ্ঞান না থাকা। সত্য এবং অসত্যের মধ্যে পার্থক্য করতে না পারাই অজ্ঞতা।
    তাঁর মতে, জ্ঞানযোগ তিনভাগে বিভক্ত ১. শ্রবণ, অর্থাৎ আত্মা একমাত্র সৎ পদার্থ এবং অন্যান্য সবকিছু মায়া -এই তথ্য শোনাই হল শ্রবণ। ২. মনন অর্থাৎ সব দিক থেকে এই তথ্যকে বিচার করা। ৩.নির্দিধ্যাসন,অর্থাৎ সমস্ত বিচার ত্যাগ করে তত্ত্বকে উপলব্ধি করা।এই উপলব্ধির চারটি সাধন। যথা ১. ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা রূপ দৃঢ় ধারণা, ২. সর্ব প্রকারের এষণা ত্যাগ, ৩.সমদমাদি ও ৪.মুমুক্ষত্ব। তত্ত্বের নিরন্তর ধ্যান এবং আত্মাকে তার প্রকৃত স্বরূপ স্মরণ করিয়ে দেওয়া এই যোগের একমাত্র পথ। এই যোগ সর্বশ্রেষ্ঠ কিন্তু কঠিনতম।অনেকের বুদ্ধিগ্রাহ্য হতে পারে।কিন্তু অত্যন্ত অল্প সংখ্যক মানুষ এই যোগে সিদ্ধিলাভ করতে পারেন। 
     জ্ঞানযোগে এক চরম সত্যের উপলব্ধির জন্য চাই একাগ্রতা। কিন্তু এই একাগ্রতা সহজ পথ নয়। একাগ্রতার জন্য প্রয়োজন আত্মার সমগ্র শক্তি। দৈহিক ক্রিয়ার জন্যই বাজে খরচ হয়ে যায় আত্মার শক্তি। তাই আত্মার শক্তিকে দৈহিক ক্রিয়া-কলাপ থেকে যতদূর সম্ভব প্রত্যাহার করে নিতে হবে। অর্থাৎ দেহ ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। বিষয়টিকে সুন্দর হয় বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন তাঁর লেখায় এভাবে:
          প্রথমত ধ্যান নেতিমূলক হবে। অর্থাৎ সমস্ত চিন্তা দূর করে দিতে হবে। যা মনে আসে তার প্রবল ইচ্ছাশক্তির সাহায্যে বিশ্লেষণ করে তাকে থামিয়ে দিতে হবে।
           এরপর দৃঢ়তার তার সঙ্গে আমাদের যা প্রকৃত স্বরূপ সেই ব্যাপারে মনোনিবেশ কর। মনের মধ্যে তিনটি ভাবা আনো।সৎ-চিৎ-আনন্দ। অস্তিভাব, জ্ঞান-স্বভাবএবং প্রেমস্বরূপ।
      ধ্যানের মাধ্যমে দ্রষ্টা এবং দৃশ্যের ঐক্যের অনুভূতি আসে। মনে হয়, যিনি দেখছেন, এবং যাকে দেখা হচ্ছে, তারা এক, অভিন্ন।
       এই জ্ঞানের নিরন্তর অভ্যাস দৈহিক কামনা বাসনাকে প্রথমে নিয়ন্ত্রণ, তারপরে নিঃশেষ করে। এটাই 'আত্মত্যাগ'। বিবেকানন্দের মতে,এই 'আত্মত্যাগ' হলো অত্যন্ত প্রয়োজনীয় জ্ঞানযোগ অভ্যাসের পক্ষে। এই আত্মত্যাগ সমস্ত রকম স্বার্থপরতা থেকে ব্যক্তিকে মুক্ত করে। একে বলে 'বৈরাগ্য'।এই বৈরাগ্য এলে আত্মত্যাগের আর এক সদর্থক দিক উন্মুক্ত হয় আমাদের কাছে -------যাকে ব্রহ্মানুভূতি-ই বলা যায়, তখন আমাদের উপলব্ধি হবে:
    "ঊর্ধ্ব আমার দ্বারা পরিপূর্ণ। অধঃ আমার দ্বারা পরিপূর্ণ। মধ্য আমার দ্বারা পরিপূর্ণ। আমি নিজের সবকিছুতে আছি অর্থাৎ সর্বভূতে বিরাজিত। আমার সবকিছু অর্থাৎ সর্বভূত আমার মধ্যে বিরাজ করছে।ওম,তৎ,সৎ-আমিই সেই। আমি মনের ঊর্ধ্বে সৎ স্বরূপ। আমি বিশ্বের একমাত্র আত্মাস্বরূপ। আমি সুখও নই, দুঃখও নই।
        আত্মা নয়, দেহই পান করে, আহার ইত্যাদি করে। কিন্তু আমি দেহ নই মন নই। সোহহম্। আমিই সেই।
      আমি সাক্ষীস্বরূপ। আমি দ্রষ্টা। যখন দেহ সুস্থ থাকে, আমি সাক্ষী। আবার যখন কোন রোগ আক্রমণ করে তখনো আমি সাক্ষীস্বরূপ।
   আমি সচ্চিদানন্দ। আমি সার পদার্থ। জ্ঞানের অমৃতস্বরূপ। অনন্ত কালে আমার কোনো পরিবর্তন নেই। আমি শান্ত দীপ্যমান পরিবর্তন-রহিত। আমি শান্ত, আলোকময়, আমার কোনো পরিবর্তন নেই।"
                                  -------------
          
                

Thursday, April 16, 2020

SEM IV (PLS HONS) LIBERAL THINKING OF RAMMOHON

Political Science Honours
Semester-4 /Core-9
Indian Political Thought – I

Qus. Evaluate the socio-religious and political ideas of Raja Rammohun Roy. Do you think he was the pioneer of liberal thinking in India?
ঊনবিংশ শতাব্দীর ভারতে নবজাগরণ প্রসূত যে যুক্তিবাদী চিন্তাধারার আবির্ভাব ঘটেছিল তার সার্থক প্রতিনিধি হলেন রাজা রামমোহন রায়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত রামমোহন ভারতে ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছিলেন, কারন তিনি সর্বপ্রথম উপলব্ধি করেন একমাত্র পাশ্চাত্য ধ্যান-ধারণা প্রসারের মধ্যে দিয়েই ভারতীয় সমাজ আধুনিকতার পথে এগিয়ে যেতে সক্ষম হবে। স্বাভাবিকভাবে নিজের চিন্তাদর্শন গড়ে তোলার ক্ষেত্রে তিনি পাশ্চাত্য উদারনৈতিক দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ভারতীয় সমাজ ব্যবস্থায় যুক্তিবাদ ও উদারনৈতিক দর্শনের প্রয়াসটি কখনোই একটিমাত্র ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। তিনি যেমন বিভিন্ন পত্র-পত্রিকায় ধর্মীয় এবং সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন তেমনি আধুনিকতার লক্ষ্যে ইংরাজী শিক্ষার প্রসারের ওপরেও গুরুত্ব আরোপ করেছিলেন। নিম্নে রামমোহনের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রের উদারনৈতিক ভাবধারা পর্যালোচনা করে গেল।
রামমোহনের ধর্মীয় সংস্কারসমূহ
যুক্তিবাদ এবং সামাজিক সংস্কারের প্রতি রামমোহনের গভীর আগ্র্হ স্বাভাবিকভাবে তৎকালীন ভারতীয় সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন ধর্মীয় আচরন বিধিকে যৌক্তিকতার নিরিখে বিশ্লেষণের জন্য তাঁকে অনুপ্রাণিত করেছিল। তিনি লক্ষ্য করেছিলেন যে তৎকালীন হিন্দুধর্ম কতকগুলি অনৈতিক ও কুসংস্কারমূলক আচরণ বিধি দ্বারা আক্রান্ত ছিল এবং এর ফলে হিন্দু ধর্ম শাস্ত্রসমূহের ভ্রান্ত ব্যাখ্যা সমাজে প্রতিষ্ঠা ছিল। স্বাভাবিকভাবেই রামমোহন হিন্দু ধর্মের সংস্কারের ওপর গুরুত্ব প্রদান করেছিলেন।
তৎকালীন হিন্দু ধর্মের সংস্কার করতে গিয়ে রামমোহন হিন্দু ধর্মের দুটি প্রথাকে মূলতঃ আক্রমণ করেন যার একটি ছিল মূর্তিপূজা এবং অপরটি বহুশ্বরবাদ। রামমোহনের মতে হিন্দু ধর্মের প্রামাণ্য শাস্ত্র বেদ ও উপনিষদের কোথাও মূর্তিপূজার উল্লেখ পাওয়া যায় না। মূলতঃ হিন্দুদের অজ্ঞতা, প্রাচীন ধর্মশাস্ত্রের ভ্রান্ত ব্যাখ্যা এবং পুরোহিত গোষ্ঠীর স্বার্থান্বেষী মনোভাব হিন্দু ধর্মে মূর্তিপূজার প্রচলন ও প্রতিষ্ঠায় সাহায্য করেছে।। একইভাবে রামমোহন দাবী করেছেন প্রধানত মধ্যযুগে হিন্দু ধর্মে যে বহুশ্বরবাদের আবির্ভাব ঘটেছে তার সাথে বৈদিক যুগে স্বীকৃত ব্রাহ্মণ্যবাদের ধারণার কোন সাদৃশ্য নেই। নিজের তুহ্ফৎ-উল-মুজাহিদিন পত্রিকায় রামমোহন উল্লেখ করেন পৃথিবীর সকল প্রধান ধর্মই একেশ্বরবাদে বিশ্বাসী এবং তারা সকলেই বিশ্বাস করেন ঈশ্বর হলেন সেই চূড়ান্ত সত্য যাকে কখনোই বিভাজিত করা যাব না। সুতরাং, রামমোহনের মতে মূর্তিপূজা এবং বহুশ্বরবাদের ধারণা দুটি বৈদিক ধর্ম বোধের বিকৃত রূপ, যা হিন্দু জনসমাজকে পশ্চাদপর করে তুলেছে। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন রামমোহন কখনোই সামগ্রিকভাবে হিন্দু ধর্মের বিরোধিতা করান নি। তিনি কেবলমাত্র সংস্কারের মধ্যমে হিন্দু ধর্মকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হয়েছিলেন।
রামমোহনের সামাজিক সংস্কারসমূহ
ঊনবিংশ শতাব্দীর হিন্দু সমাজে প্রচলিত ধর্মীয় কুসংস্কারের পাশাপাশি সামাজিক কুপ্রথাগুলিও রামমোহন কর্তৃক সমালোচিত হয়েছিল। এক্ষেত্রে রামমোহনের প্রধান অবদান ছিল সতীদাহ প্রথার নিবারণ। তিনি মনে করতেন সতীদাহ প্রথা কার্যত স্বামীর মৃত্যুর পর নারীদের বেঁচে থাকার অধিকারের অস্বীকৃতি প্রদানের নামান্তর মাত্র। তাঁর মতে, এই প্রথা গড়ে ওঠার পেছনে প্রধান কারণ ছিল মানুষের অজ্ঞতা এবং বিধবা নারীকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রয়াস। প্রাচীন হিন্দু শাস্ত্রের উল্লেখ করে তিনি বলেন, অঙ্গীরার ন্যায় ঋষিগন সতীদাহ প্রথাকে সমর্থন করলেও মনু বা পরাশর কখনোই এই প্রথাকে বাধ্যতামূলক বলেন নি। এমনকি কেউ কেউ বলেন স্বামীর মৃত্যুর পরও একজন নারী ধার্মিক জীবনযাপন করতে পারেন। তবে রামমোহন উপলব্ধি করেছিলেন কেবলমাত্র ধর্মীয় যুক্তি নয়, এর সাথে আইনি ব্যবস্থার মাধ্যমে এই কুপ্রথাকে নিবারণ করা সম্ভব।
সতীদাহ প্রথার পাশাপাশি বহুবিবাহ প্রথা, কুলীন প্রথা, বাল্যবিবাহ প্রথা ইত্যাদি হিন্দু সামাজিক প্রথা রামমোহন কর্তৃক সমালোচিত হয়েছিল। তিনি বলেন, এই প্রথাগুলি আইনের দ্বারা নিষিদ্ধ করা উচিৎ, কারণ এগুলি হিন্দু সমাকে নারীদের দুঃখ-দুর্দশা বৃদ্ধি করেছে। সর্বোপরি, রামমোহন প্রাচীন ভারতে প্রচলিত ধারণা অনুযায়ী পিতার সম্পত্তির ওপর মেয়ের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কারণ, তিনি বিশ্বাস করতেন একমাত্র এর মধ্যে দিয়েই হিন্দু সমাকে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারবে।
রামমোহনের রাজনৈতিক সংস্কারসমূহ
রামমোহনের চিন্তা দর্শনের আলোচনা সম্পূর্ণ করতে গেলে তাঁর রাজনৈতিক ধ্যান-ধারণাটি পর্যালোচনা করা প্রয়োজন। রামমোহনের রাজনৈতিক ধারণাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় এক্ষেত্রে তিনি উদারনৈতিক দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। উদারনৈতিক চিন্তকরূপে উদারনৈতিক বিশ্বাস, ব্যক্তির মর্যাদা, স্বাধীনতা, সাম্য এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। রামমোহনের উদারনৈতিক দর্শনের প্রকাশ প্রথম ঘটে ব্রিটিশ আইনের অনুশাসনের ধারণার প্রতি তাঁর সমর্থনের মধ্যে দিয়ে। তাঁর মতে, এই ধারণাটি সর্বপ্রথম ভারতীয়দের জীবন ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করেছিল। রামমোহনের উদারনৈতিক দর্শনের অপর একটি প্রকাশ হল সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় তাঁর প্রয়াস। ১৮২২ সালে ব্রিটিশ সরকার যখন একটি নির্দেশিকার মাধ্যমে ঘোষণা করেন যে ভারতীয় সংবাদপত্রগুলিকে এই মর্মে মুচলেকা প্রদান করে অনুমতি সংগ্রহ করতে হবে যে, এতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কোন লেখা বা বক্তব্য প্রকাশ করা হবে না। তখন রামমোহনই সর্বপ্রথম এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন। তাঁর মতে, এই নির্দেশিকাটি সংবাদপত্রের স্বাধীনতা হরণের সমান এবং একইসাথে এই সময়ের প্রতিবাদস্বরূপ তিনি মিরাজ-উল-আকবর পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেন। এরপর তিনি এই নির্দেশিকা জারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু সেখানেও সাফল্য না পাওয়ায় ওই নির্দেশিকা প্রত্যাহারের জন্য ব্রিটিশ রাজপরিষদের কাছে আবেদন করেন। এতে তিনি বলেন সরকারকে সফল পথে পরিচালনা করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা প্রয়োজন। সুতরাং অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করা প্রয়োজন।
রামমোহনের উদারনৈতিক চিন্তাধারার প্রতিফলন অন্য যে সকল বিষয়ে লক্ষ্য করা যায় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থন, জুরি বিলের বিরোধিতা, ভারতীয় সিভিল সার্ভিসের ভারতীয়করণ ইত্যাদি।
সুতরাং, উপরে আলোচিত ব্যক্তি স্বাধীনতা, সাম্য, ব্যক্তি অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি সম্পর্কে রামমোহনের অভিমত লক্ষ্য করে নিঃসন্দেহে তাঁকে ঊনবিংশ শতাব্দীর ভারতে প্রথম প্রগতিশীল উদারনৈতিক চিন্তক রূপে অভিহিত করা যায়। রামমোহনের চিন্তাদর্শনের এই ক্ষেত্রগুলি লক্ষ্য করে অধ্যাপক বি.বি. মজুমদার রামমোহনকে আধুনিক ভারতের উদারনৈতিক যৌক্তিক চিন্তাধারার জনকরূপে অভিহিত করেছেন। তবে একইসাথে রামমোহনের উদারনৈতিক দর্শনের নিম্নলিখিত সীমাবদ্ধতাগুলিকে অস্বীকার করা যায় না।
প্রথমতঃ, রামমোহন ব্যক্তি স্বাধীনতার দাবীটিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করলেও তিনি কখনোই ভারতে পূর্ণ স্বাধীনতার দাবীকে তুলে ধরেন নি। বরং তিনি ভারতে ব্রিটিশ শাসনকে স্বাগত জানিয়েছিলেন। এই কারণে অশোক সেন এবং রজতকান্ত রায় রামমোহনকে একজন ‘Comprador’ বলে অভিহিত করেছেন যিনি নিজ স্বার্থে বিদেশী শাসনকে সমর্থন করেছিলেন।
দ্বিতীয়তঃ, রামমোহন ব্যক্তি অধিকার ও সামাজিক সাম্য রক্ষের ওপর গুরুত্ব দিলেও সমাজের জাতিভেদ সম্পর্কে খুব বেশি আলোচনা করেন নি, যা তাঁর উদারনৈতিক চিন্তাধারায় স্ববিরোধিতার জন্ম দিয়েছে।
তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন রামমোহনের প্রধান সমস্যা ছিল তিনি ব্রিটিশ ঔপনিবেশিক মতবাদের স্বরূপ কখনোই সম্যকভাবে উপলব্ধি করতে পারেন নি। তিনি ভারতে ব্রিটিশ শাসনের ইতিবাচক দিকটিকে লক্ষ্য করেছেন কিন্তু এর শোষণমূলক চরিত্রটি উপলব্ধি করতে পারেন নি। সুতরাং, শুধুমাত্র এই দিক থেকে বিশ্লেষণ করে তাঁর উদারনৈতিক দর্শনের প্রতি সংশয় জ্ঞাপন করা যুক্তিযুক্ত নয়।
x---------------x


SEM IV (PLS HONS) Core-9 Shantiparva IN Mahabharata

Political Science Honours
Semester-4 /Core-9
Indian Political Thought – I
Qus. Explain after ‘Shantiparva’ of the Mahabharata the concept of ‘Rajdharma’. Does the concept of Rajdharma combine the ideas of Manusmriti and Arthashastra?
প্রাচীন ভারতের ধর্মীয় শাস্ত্রসমূহ বা মহাকাব্য বা অন্যান্য রচনাসমূহ পাঠ করলে দেখা যায় মনুস্মৃতি এবং অর্থশাস্ত্রের পাশাপাশি মহাভারতের মধ্যে দিয়ে প্রাচীন ভারতের রাজ্যশাসন, সরকার পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে মহাভারতের শান্তিপর্বের আলোচনা তাৎপর্যপূর্ণ। মহাভারতের শান্তিপর্বে মৃত্যুশয্যায় শায়িত ভীষ্ম যেভাবে যুধিষ্ঠিরকে রাজ্যশাসন সংক্রান্ত উপদেশাবলী প্রদান করেছিলেন সেটি নিঃসন্দেহে রাজধর্ম পালন, রাজার দায়িত্ব সম্পাদন, রাজার উৎপত্তি ইত্যাদি সম্পর্কে প্রাচীন ভারতের ধারণাকে পরিস্ফুট করে তুলেছে। এই শান্তিপর্বে ভীষ্ম যেমন একদিকে রাজা এবং রাজ্যের উৎপত্তি ব্যাখ্যা করেছেন তেমনই একজন রাজার রাজধর্ম বা অবশ্য পালনীয় কর্তব্য সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন।
রাজধর্ম সম্পর্কে শান্তিপর্ব
মহাভারতের শান্তিপর্ব অনুযায়ী রাজধর্ম হল সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রধান শক্তি। রাজার কর্তব্য হল সমগ্র রাজ্যকে নিজের নিয়ন্ত্রণে রেখে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। এই দিক থেকে বলা যায় রাজধর্মের মধ্যে অর্থ, ধর্ম এবং কামশাস্ত্রের সহাবস্থান ঘটেছে। একইসাথে এই রাজধর্মের মধ্য দিয়ে সমাজের উচ্চ তিনটি স্তরের জনগণ বা জাতির অবশ্য পালনীয় কর্তব্য ও কার্যাবলী ব্যাখ্যা করে সেগুলি রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।
শান্তিপর্ব অনুযায়ী রাজধর্মের অনুপস্থিতিতে সার্বিকভাবে সমাজ বিপর্যস্ত হয়ে পড়বে। এ প্রসঙ্গে শান্তিপর্বে বলা হয়েছে অন্য সকল ধর্ম যেখানে সীমাবদ্ধ ফল প্রদান করে এবং সমাজের একটি নির্দিষ্ট গোষ্ঠীর কর্তব্য পালনের কথা বলে সেখানে রাজধর্ম সমগ্র সমাজের স্বার্থরক্ষার জন্য সকল জনগণের স্বার্থ রক্ষায় প্রয়াসী হয়। এই দিক থেকে বিশ্লেষণ করে শান্তিপর্বে বলা হয়েছে রাজধর্ম যেহেতু সমাজের সকলের স্বার্থরক্ষার কথা বলে সেহেতু এটি অন্য সকল ধর্মের থেকে শ্রেষ্ঠ। শান্তিপর্ব অনুযায়ী নৈতিক দিক থেকেও এই রাজধর্ম শ্রেষ্ঠ কারণ এটি আত্মত্যাগ এবং আত্মোপলব্ধি ধারণা দুটিকে প্রতিষ্ঠিত করে। সর্বোপরি, এই রাজধর্মে বলা হয়েছে একজন রাজাকে সর্বদাই প্রজাদের রক্ষাকল্পে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জনে প্রস্তুত থাকতে হবে। সুতরাং, সামাজিক দিক থেকে রাজধর্ম হল “The highest duty that stands for righteous path”।
মহাভারতের শান্তিপর্ব পর্যালোচনা করলে দেখা যায় রাজধর্ম সম্পর্কে এখানে যে ধারণা নির্মাণ করা হয়েছে তার সাথে মনুস্মৃতি ও অর্থশাস্ত্রে উল্লিখিত রাজধর্ম সম্পর্কে বক্তব্যের সাদৃশ্য রয়েছে। মনুস্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মহাভারতের শান্তিপর্ব রাজধর্মকে একইভাবে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রধান কার্যকরী শক্তিরূপে উল্লেখ করা হয়েছে। নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা গেল।
রাজধর্ম ও মনুস্মৃতি
মহাভারতের শান্তিপর্ব যেভাবে সকল জাতির স্বার্থ সুরক্ষাকে রাজধর্মের প্রধান দায়িত্ব বলে চিহ্নিত করেছে তার অস্তিত্ব মনুস্মৃতিতে লক্ষ্য করা যায়। মনুস্মৃতি হিন্দু সমাজের প্রতিষ্ঠিত জাতি ব্যবস্থার ধারণাকে যৌক্তিকতা প্রদানের প্রয়াস করেছে। মনু জাতি ব্যবস্থার ধারণাকে প্রাকৃতিক ব্যবস্থা বলে দাবী করলেও তিনি বিভিন্ন জাতির ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহের মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস করেছেন। এক্ষেত্রে উল্লেখ্য মনুস্মৃতির জাতি বিভাজনটি ছিল সামাজিক বিভাজন। মনুর মতে, রাজার প্রধান কর্তব্য হল সমাজের ধর্মকে প্রতিষ্ঠিত করে এবং প্রজাগণ যাতে সর্বোচ্চ সুখ লাভ করতে পারে তার জন্য রাজার উচিৎ সমাজে নৈতিক কর্তব্য প্রতিষ্ঠিত করা। কলাশাস্ত্র বা সাংস্কৃতিক উন্নয়ন, আত্মত্যাগের মানসিকতা প্রতিষ্ঠিত করা ইত্যাদি শান্তিপর্বের ন্যায় মনুস্মৃতির ক্ষেত্রে দেখা যায়। মনু রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করলেও রাজার প্রতি জনগণের চূড়ান্ত আনুগত্যের ধারণাকে সমর্থন করেন নি, বরং তাঁর মতে জনগণের ক্ষতিসাধনকারী রাজাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার পূর্ণ অধিকার জনগণের রয়েছে। এই সকল দিক থেকে দেখা যাব শান্তিপর্বে যেভাবে আদর্শ রাজা এবং রাজধর্ম প্রতিষ্ঠার বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়েছে সেই একই বিষয় মনুস্মৃতিতেও আলোচিত হয়েছে।
রাজধর্ম ও অর্থশাস্ত্র
মনুস্মৃতির ন্যায় কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজ্য পরিচালনা বা রাজধর্ম সম্পর্কে যে বিশ্লেষণ করা হয়েছে তার প্রতিফলনও শান্তিপর্বে লক্ষ্য করা যায়। অর্থশাস্ত্রের তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে কৌটিল্য যথাক্রমে প্রশাসনিক ন্যায়বিচার, অপরাধ দমন, শাস্তি প্রদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। কৌটিল্যের মতে, সমাজে ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই রাজাকে ন্যায় পদ্ধতিতে দণ্ড নীতি প্রয়োগ করতে হয়। তিনি বলেন, জনগণকে তাদের কর্তব্য যথাযথভাবে পালন করার জন্যই শাস্তি প্রদান প্রয়োজন। তবে একইসাথে তিনি বলেন, রাজা কখনোই তার রাজদণ্ডকে অত্যন্ত কঠোরভাবে বা কোমলভাবে প্রয়োগ করবেন নাম বরং এই দুই চরম সীমার মধ্যে রাজা ভারসাম্য বিধান করে চলবেন। এই উদ্দেশ্যে রাজাকে অবশ্যই সাম্, দান, বেদ এবং দণ্ড – এই চার প্রকার নীতি বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে।
অর্থশাস্ত্রের সপ্তম থেকে ত্রয়োদশ অধ্যায়ে কৌটিল্য উল্লেখ করেছেন রাজা অবশ্যই সর্বদা নিজের শক্তি সংগঠনে নিয়োজিত থাকবেন। তিনি বলেন, প্রজাদের সুখ বৃদ্ধি এবং রাজ্যের শক্তি ও স্বার্থ রক্ষার জন্যই রাজাকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কৌটিল্যের প্রধান বক্তব্য হল একজন রাজা অবশ্যই হবেন প্রজাবৎসল, কিন্তু একইসাথে সমাজের ধর্ম প্রতিষ্ঠায় তিনি বিচক্ষণতার সাথে রাজদণ্ড ব্যবহার করবেন।
সুতরাং, উপরের আলোচনা থেকে দেখা যাব শান্তিপর্বে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম সংক্রান্ত যে উপদেশ প্রদান করেছেন তার অনুসারী বক্তব্য মনুস্মৃতি এবং অর্থশাস্ত্রেও প্রত্যক্ষ করা যায়। অন্যভাবে বলা যায়, ভারতে প্রাচীন সময় থেকে যে আদর্শে রাজধর্ম পালনের ঐতিহ্য আত্মপ্রকাশ করেছে তার সুস্পষ্ট প্রতিফলন মনুস্মৃতি, অর্থশাস্ত্র এবং মহাভারতের শান্তিপর্বে প্রত্যক্ষ করা যায়। সুতরাং এদিক থেকে মনুস্মৃতি, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং মহাভারতের শান্তিপর্বের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তাতে কোন সন্দেহ নেই।
x-----------x

SEM II (HONS) DSC-3 Rawlsian Theory of Justice

Political Science Honours
Semester-2 /Core-3
Political Theory- Concepts and Debates
Rawlsian Theory of Justice
বর্তমানে একথা অনস্বীকার্য যে কোন রাজনৈতিক ধারণার সুসংবদ্ধ পর্যালোচনাটি ন্যায়বিচারের ধারণাকে বাদ দিয়ে গড়ে উঠতে পারে না। তবে বর্তমানে ন্যায়বিচারের ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আজ পর্যন্ত ন্যায়-বিচারের ধারণার কোন সুসংহত বা সার্বজনীন তাত্ত্বিক কাঠামো গড়ে উঠতে পারে নি। প্রাচীন গ্রীক দার্শনিক প্লেটো বা অ্যারিস্টটলের সময় থেকে বর্তমান কাল পর্যন্ত দেখা যায় বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারের ধারণাকে পর্যালোচনা করেছেন। সর্বোপরি দেখা যায় যে বর্তমানে একটি নৈতিক ও রাজনৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যাখ্যা ন্যায়বিচার ও জনকল্যাণের ধারণার মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে এর অর্থকে জটিল করে তুলেছে।
ন্যায়বিচারের উপযোগিতাবাদী তত্ত্ব
ন্যায়বিচার ও জনকল্যাণের সংযুক্তির বিষয়টি সর্বপ্রথম আত্মপ্রকাশ করে উপযোগিতাবাদী দর্শন বিশেষতঃ বেন্থামের চিন্তাধারার মধ্যে দিয়ে। বেন্থাম মূলতঃ যে ধারণার ওপর ভিত্তি করে তার ন্যায়বিচারের তত্ত্বটি গড়ে তুলেছেন সেটি হল “greatest happiness of the greatest numbers” – যা একান্তভাবে একটি উচ্চ মার্গীয় ধারণা। বেন্থামের মতে, ন্যায়বিচার দাবী করে যে আইন বা শাসনব্যবস্থার অবশ্যই লক্ষ্য হওয়া উচিৎ সমাজের সর্বাপেক্ষা বেশী মানুষের সর্বাধিক সুখ উৎপাদন করা। তবে একইসাথে বেন্থাম রাষ্ট্রে নিরাপত্তা বিধান, সার্বভৌমত্ব রক্ষা ইত্যাদি আরও কয়েকটি শাসন বিভাগের কার্যের উল্লেখ করেছেন। পরবর্তী সময়ে J.S. Mill বেন্থামের উপযোগিতাবাদী দর্শনের সংশোধন করে ন্যায়বিচারকে কতকগুলি চাহিদার অপর নাম বলে অভিহিত করেছেন। এগুলি, মিল বলেন, সামাজিক উপযোগিতার দিক থেকে সমষ্টিগতভাবে উচ্চ ক্ষেত্রে বিচরণ করে।
রলসের ন্যায় সংক্রান্ত ধারণা
ন্যায়বিচারের উপযোগিতাবাদী তত্ত্বটি সর্বপ্রথম বিরোধিতার সম্মুখীন হল জন রলস-এর বণ্টনমূলক ন্যায়-বিচারের তত্ত্বের মাধ্যমে। রলস তার গ্রন্থ ‘A Theory of Justice’-এ নিজের ন্যায়বিচার তত্ত্বটি নির্মাণ করতে গিয়ে প্রকৃতপক্ষে যার অন্বেষণ করেছেন তা হল অসাম্যভিত্তিক সামাজিক মৌল কাঠামোর অভ্যন্তরে কিভাবে নাগরিক অধিকারসমূহকে বণ্টন করা যেতে পারে। রলস এক্ষেত্রে মনে করেন অজ্ঞতার জগতের বাসিন্দা রূপে মানুষ যদি ন্যায়-বিচারের নীতিগুলিকে খুঁজতে চায় তাহলে তারা কখনোই সর্বোচ্চ উপযোগিতা লাভে সক্ষম হবে না। বরং এসময় তারা নিজেদের সম্ভাব্য সকল অপ্রীতিকর পরিস্থিতি থেকে রক্ষা করার প্রয়াসে নিয়োজিত হয়ে পড়বে এবং নিম্নলিখিত নীতি দুটিকে প্রাধান্য দেবে:
(১) অন্যের স্বাধীনতা নিয়ন্ত্রণ করে নিজের সর্বোচ্চ স্বাধীনতা রক্ষার প্রয়াস; এবং
(২) সমাজের সকল সম্পদ সমাজের প্রতিটি স্তরে সমভাবে বণ্টিত করা।
রলসের মতে এই দ্বিতীয় নীতিটি ‘Maxima Principle’ নামে পরিচিত যার মূল লক্ষ্য সমাজের সর্বনিম্ন স্তরে অবস্থিত ব্যক্তিবর্গের সর্বোচ্চ কল্যাণ সাধন করা। সুতরাং, এই দ্বিতীয় নীতিটি প্রত্যক্ষভাবে সামাজিক সম্পদের সামগ্রিক বণ্টনের ধারণার সাথে জড়িত।
ন্যায়বিচার সম্পর্কে রলসের তত্ত্বের প্রধান বিষয়টি নিহিত রয়েছে রলস নির্মিত ‘প্রাকৃতিক অবস্থা’ বা ‘Original Position’-এর ধারণা এবং এর ফলস্বরূপ গড়ে ওঠা ‘পার্থক্যমূলক নীতি’ বা ‘Difference Principle’ ধারণা দুটির মধ্যে। রলস মনে করেন, প্রাকৃতিক অবস্থায় ন্যায়বিচার লাভের জন্য ব্যক্তিবর্গ স্বাধীনতা এবং সমতার নীতির ভিত্তিতে পরিচালনা করে। তিনি বলেন এই পরিবেশে সমাজস্থ ব্যক্তিবর্গ যুক্তিবাদী স্বাতন্ত্রতার দ্বারা পরিচালিত হয় এবং সামাজিক প্রতিষ্ঠানসমূহের নিরিখে তারা সামাজিক সম্পদের ওপর বৈধ দাবী প্রতিষ্ঠা করে। রলস আরও বলেন এই প্রাকৃতিক অবস্থার বৈশিষ্ট্যগুলিকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যার প্রধান লক্ষ্য হল নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা অথবা প্রতিষ্ঠিত নৈতিক মূল্যবোধসমূহকে অস্বীকার করা। সুতরাং, রলস প্রাকৃতিক পরিবেশে দুটি নীতির অস্তিত্বকে স্বীকার করেছেন। এই দুটি নীতি হল:
(১) সমাজের প্রতিটি ব্যক্তির সমানাধিকার প্রতিষ্ঠিত থাকবে এবং প্রতিটি ব্যক্তি অপরাপর সকল ব্যক্তির ন্যায় সমান মৌলিক স্বাধীনতা ভোগ করবে।
(২) সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলিকে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে করে সবচেয়ে কম সুবিধাভোগী শ্রেণী সর্বাধিক সুযোগ লাভ করবে এবং সমতার ভিত্তিতে সকল সরকারী পদ এবং কার্যে সকলের সমান প্রবেশাধিকার থাকবে।
রলসের তত্ত্বের সমালোচনা
ন্যায়বিচার সম্পর্কে রলস যে উদারনৈতিক ধারণাটি প্রতিষ্ঠিত করার প্রয়াস করেছেন তা আংশিকভাবে কৌশলগত বৈধতার প্রেক্ষাপটে এবং অংশর তার সামাজিক দর্শনের বিষয়সূচীগত কারণে সমালোচিত হয়েছে। এই কারণে দেখা যায় কোন কোন সমালোচক রলসের তত্ত্বকে বৈপ্লবিক সাম্যবাদী তত্ত্ব বলে মনে করলেও কেউ কেউ এটিকে উদারনৈতিক পুঁজিবাদী সামাজিক দর্শনের পুণঃব্যাখ্যা রূপে চিহ্নিত করার পক্ষপাতী। কোন কোন সমালোচক মনে করেন রলস যে পার্থক্যমূলক নীতির ধারণাটি গড়ে তুলেছেন তা কার্যত কল্পবাদী ন্যায়বিচার তত্ত্বের জন্ম দিয়েছে। এই যুক্তির সমর্থনে তারা বলেন যদি অসাম্যকে এই কারণে বৈধ করা হয় যে এটি সর্বাপেক্ষা কম সুবিধাভোগীর কল্যাণ করেছে তবে যৌক্তিক দিক থেকে দরিদ্র ও ধনীদের মধ্যে গড়ে ওঠা অসাম্যকেও মেনে নিতে হয়।
রলসের ন্যায়বিচার তত্ত্বের অপর একটি দুর্বলতা হল তিনি সর্বদাই সর্বাপেক্ষা কম সুবিধাপ্রাপ্ত শ্রেণিকে চিহ্নিত করে তাদের প্রতিনিধি নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এই প্রতিনিধির চিত্রাঙ্কন করতে গিয়ে তিনি দুটি সংজ্ঞা প্রদান করেছেন যা তার তত্ত্বকে কুয়াশাচ্ছন্ন করে তুলেছে। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে কেউ কেউ বলেন রলস যেভাবে প্রকৃত কম সুবিধাভোগী শ্রেণীকে চিহ্নিত করতে চেয়েছেন তাতে অনেক সময়ই প্রকৃত পশ্চাদ্পর শ্রেণীর ব্যক্তিকে চিহ্নিত করতে পারে না। মূলতঃ এই কারণে রলসের ন্যায়বিচার তত্ত্বের অন্যতম নীতি ‘Maximin Principle’-এর সমালোচনা করে রবার্ট নজিক দাবী করেছেন রলস যেভাবে এক শ্রেণীর কাছ থেকে সম্পদ কেড়ে নিয়ে পশ্চাদ্পর শ্রেণীর হাতে ন্যস্ত করতে চেয়েছেন যৌক্তিকতার বিচারে সেটি কখনোই সঠিক নয়। কারণ, নজিক মনে করেন সেই ব্যক্তিই সম্পদ লাভের অধিকারী হন যার সম্পদ অর্জনের যোগ্যতা ও ক্ষমতা রয়েছে।
সর্বোপরি, নারীবাদী দর্শনের অন্যতম প্রবক্তা S.M. Okin দাবী করেছেন রলসের ন্যায়বিচার তত্ত্বের ভিত্তিতে যে আধুনিক উদারনৈতিক সমাজব্যবস্থা চিত্রিত হয়েছে তা নিশ্চিতভাবে ন্যায়বিচার তত্ত্বের এক লিঙ্গভিত্তিক ধারণাকে প্রতিষ্ঠিত করেছে যেখানে সর্বদাই লিঙ্গগত পার্থক্যের নিরিখে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য দেখা দেয়।
x----------------x


Qus. Briefly examine M.K. Gandhi’s view on the nature of modern state. Was Gandhi an anarchist? Justify your answer.
বিংশ শতাব্দীর ভারতীয় চিন্তাবিদদের মধ্যে সম্ভবত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যক্তিত্ব হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এর পেছেন প্রধান কারন ছিল গান্ধীজি কখনোই রাষ্ট্রতাত্ত্বিক ছিলেন না। বরং তিনি ছিলেন রাষ্ট্র দার্শনিক যিনি নৈতিকতার ভিত্তিতে রাষ্ট্রনৈতিক বিষয়সূচীর পর্যালোচনার পক্ষপাতী ছিলেন। স্বাভাবিকভাবেই গান্ধির রাষ্ট্রদর্শন কোন সুসংহত রাজনৈতিক তত্বের জন্ম দিতে পারে নি। প্রকৃতপক্ষে তিনি বাস্তবে যেভাবে রাষ্ট্রনৈতিক বিষয়সূচীকে পর্যবেক্ষণ করেছেন তার আলোকেই সংশ্লিষ্ট বিষয়ে তিনি নিজের ধারণা নির্মাণ করেছেন।
রাষ্ট্র সম্পর্কে গান্ধীজি
একটি সুনির্দিষ্ট বিষয় রূপে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি এর ব্যতিক্রম নয়। নিজের বিভিন্ন রচনায় তিনি কখনোই রাষ্ট্র নাম প্রতিষ্ঠানের গরিমা বৃদ্ধি বা একে বৈধতা প্রদানের প্রয়াস করেন নি। একই সাথে তিনি কখনোই মার্কসবাদীদের ন্যায় রাষ্ট্রের সম্পূর্ণ অবলুপ্তির কথা বলেন নি। তিনি প্রকৃত অর্থে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে ভারতে রাষ্ট্রের যে রূপ প্রত্যক্ষ করেছেন তার নিরিখে রাষ্ট্র নাম প্রতিষ্ঠানের পরিবর্তে এক ন্যায়পরায়ণ রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণের কথা বলেছেন।
গান্ধী দৃঢ়ভাবে বিশ্বাস করতেন রাষ্ট্রের উচিৎ জনকল্যানকামী কার্য সম্পাদন করা কারণ রাষ্ট্র হল মানব জাতির উন্নয়ন ও প্রগতিশীলতার মাধ্যম। এমনকি প্রাথমিকভাবে তিনি মনে করতেন ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের মঙ্গল সাধনে যথেষ্ট আগ্রহী। কিন্তু দক্ষিণ আফ্রিকা ও ভারতে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে রাষ্ট্র সম্পর্কে তাঁর নিজের ধারণার পরিবর্তন ঘটে। এই সময় থেকে তাঁর দৃষ্টিতে রাষ্ট্র মঙ্গলকারী প্রতিষ্ঠান থেকে শোষণমূলক প্রতিষ্ঠান বলে পরিগণিত হতে শুরু করে। এই সময় থেকে তিনি রাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন: “The state represents an unjust, immoral and violent system”। এই বিশ্বাস দ্বারা পরিচালিত হয়েই গান্ধী এক নৈতিক ও যথার্থ সমাজ ব্যবস্থা দ্বারা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের কথা বলেন।
রাষ্ট্র ব্যবস্থার ধ্বংস সাধনের পক্ষে গান্ধীর মত প্রকাশের পেছনে প্রধান কারণ ছিল তিনি মনে করতেন রাষ্ট্র সরাসরি বল প্রয়োগের সাথে যুক্ত। রাষ্ট্র হল অশুভ প্রতিষ্ঠান যা একইসাথে শারীরিক ও আর্থ-সামাজিক হিংসাবোধের জন্ম দেব। প্রকৃতপক্ষে গান্ধীজি মনে করতেন ‘রাষ্ট্র সর্বদাই সুসংহতভাবে হিংসার প্রতিনিধিত্ব করে, রাষ্ট্র আইন প্রণয়ন করে তা বলপূর্বক জনগণের উপর চাপিয়ে দেয়’। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় আইন অনৈতিক হলেও জনগণ তা মেনে নিতে বাধ্য হয়। গান্ধীর মতে এই বিষয়টি নিশ্চিতভাবে রাষ্ট্রের হিংসামূলক ও অনৈতিক চরিত্রটিকে প্রতিষ্ঠিত করে। তিনি আরোও বলেন রাষ্ট্রের আইন প্রয়োগ পদ্ধতিটি যেহেতু বলপ্রয়োগের উপর নির্ভরশীল সেহেতু এটি কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। কারণ, ন্যায় বিচার ও হিংসা সর্বদাই পরস্পর সংঘাতপূর্ণ সম্পর্ক। এই দৃষ্টিকোণ থেকে বিচার করে গান্ধী বলেন, একজন ব্যক্তি বিবেক সম্পন্ন হওয়ার কারণে তার সংশোধন সম্ভব নয়।
গান্ধী অপর একটি কারণেও রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা করেছেন। গান্ধীর দৃষ্টিতে রাষ্ট্র সর্বদাই গণতন্ত্রের বিরোধী এবং এটি ব্যক্তির ব্যক্তিত্বকে ধ্বংস করে। এই প্রসঙ্গে গান্ধী বলেন রাষ্ট্র সর্বদাই ক্ষমতার কেন্দ্রীকরণ ও চূড়ান্ত সার্বভৌমিকতার ধারণায় বিশ্বাস করে এবং এই কেন্দ্রীকরণ একটি অগণতান্ত্রিক ধারণা। একইসাথে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার অদিক থেকেও বলা যায় রাষ্ট্র হল একটি গণতন্ত্রবিরোধী ধারণা। সর্বোপরি গান্ধী মনে করতেন রাষ্ট্র সর্বদাই নিজের ইচ্ছা জনগণের ওপর চাপিয়ে দেয় যা কার্যত ব্যক্তির সৃজনশীলতাকে ধ্বংস করে।
তবে এক্ষেত্রে বলা প্রয়োজন গান্ধি রাষ্ট্র ব্যবস্থার তীব্র সমালোচনা করলেও তিনি কখনোই ব্যক্তিকে নির্দেশ প্রদানের প্রতিষ্ঠানের অস্তিত্বকে অস্বীকার করেন নি। এই কারণেই তাঁর আদর্শ সমাজ ব্যবস্থার কল্পনায় গান্ধী রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণাটিকে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে তাঁর মত হল “That government is best, which governs the least”। সুতরাং, গান্ধীর দৃষ্টিতে আদর্শ সমাজ ব্যবস্থায় কোন সরকার বা রাষ্ট্র থাকবে না এবং রাষ্ট্রীয় আইনের পরিবর্তে সেখানে বিরাজ করবে বিবেকের অনুশাসন। এই সমাজ ব্যবস্থায় জনগণ হবে আত্মনিয়ন্ত্রিত এবং এটি হবে আত্ম-নির্ভরশীল ও বিকেন্দ্রীকৃত ব্যবস্থা যেখানে জনগণ তাদের বিবেক দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ, গান্ধী সেই সমাজ ব্যবস্থার কল্পনা করেছেন যেখানে ব্যক্তিবর্গ বল প্রয়োগের দ্বারা নয়, স্বেচ্ছামূলক সহযোগিতার ভিত্তিতে পরস্পরের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকবে যাকে গান্ধী ‘Enlighten Anarchy’ বলে অভিহিত করেছেন।
গান্ধী কি নৈরাজ্যবাদী ছিলেন?
রাষ্ট্র সম্পর্কিত গান্ধীর মতবাদটি পর্যালোচনা করে কেউ কেউ গান্ধীকে নৈরাজ্যবাদী চিন্তাবিদ বলে অভিহিত করেছেন। কারন নৈরাজ্যবাদীদের ন্যায় তিনিও রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস সাধনের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবিক পক্ষে গান্ধীকে কখনোই প্রুধো, বাকুনিন বা ক্রপোৎকিনের ন্যায় চরম নৈরাজ্যবাদী দার্শনিক বলা যায় না, বরং তাঁর চিন্তাধারার সাথে গড্উইন, তলস্তয়ের ন্যায় মানবতাবাদী নৈরাজ্যবাদী তাত্ত্বিকদের অধিক সাদৃশ্য পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে ডঃ বিনয় সরকার বলেন, ‘গান্ধীর চিন্তাধারায় নৈরাজ্যবাদ ও অহিংসার ধারণার সমন্বয় লক্ষ্য করা যায়’। একই ভাবে ডঃ গোপীনাথ ধাওয়ান বলেন, ‘গান্ধী প্রকৃত অর্থে নৈতিক নৈরাজ্যবাদী চিন্তাধারা গড়ে তুলেছিলেন’।
গান্ধীকে নৈতিক বা মানবতাবাদী নৈরাজ্যবাদী দার্শনিক বলার পেছনে প্রধান কারণ হল তিনি চরম নৈরাজ্যবাদীদের ন্যায় যে কোন ধরণের কর্তৃত্বের বিরোধিতা করেন নি, তিনি কেবল রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন কারণ এটি যেহেতু একটি বল প্রয়োগকারী প্রতিষ্ঠান। তিনি রাষ্ট্রের বিরোধিতা করেছিলেন ঠিকই, কিন্তু একইসাথে একটি অহিংস স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিবেকের শাসন প্রতিষ্ঠিত করার কথা বলেন যা চরম নৈরাজ্যবাদীদের ধারণায় লক্ষ্য করা যায় না। সর্বোপরি, তিনি কখনোই চরম নৈরাজ্যবাদীদের ন্যায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস সাধনকে সমর্থন করেন নি।
সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায় আপাত দৃষ্টিতে গান্ধীকে নৈরাজ্যবাদী দার্শনিক বলে মনে হলেও তিনি কখনোই নৈরাজ্যবাদী ছিলেন না। তিনি রাষ্ট্রকে ধ্বংস করার কথা বললেও একইসাথে অন্য একটি কর্তৃপক্ষের হাতে শাসন ক্ষমতা অর্পণ করতে চেয়েছেন কারণ তিনি বিশ্বাস করতেন “There are many things which individual cannot do alone, but here he requires an authority”। গান্ধীর এই ধারণা থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় তিনি রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের নৈতিক সংশোধনের ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা চরম নৈরাজ্যবাদীদের ধারণায় পরিলক্ষিত হয় না। সুতরাং, এদিক থেকে তলস্তয় বা গড্উইনের ন্যায় গান্ধীকেও দার্শনিক বা মানবতাবাদী নৈরাজ্যবাদী তাত্ত্বিক বলে অভিহিত করাই অধিক যুক্তিযুক্ত।
x----------------x